রান্নার তাড়াহুড়ায় অনেক সময় পেঁয়াজ, টমেটো কিংবা শাকসবজি একবারে কেটে রাখা হয়। কিন্তু সেগুলো ঠিকভাবে সংরক্ষণ না করলে দ্রুত নষ্ট হয়ে যায়, স্বাদ-গন্ধও নষ্ট হয়। অথচ সামান্য সচেতন হলেই কাটা সবজি কয়েকদিন পর্যন্ত সতেজ রাখা সম্ভব।
পেঁয়াজ কাটার পর সাধারণ তাপমাত্রায় রাখলে খুব দ্রুত পানিশূন্য হয়ে নরম হয়ে যায় এবং গন্ধ ছড়ায়। তাই কাটা পেঁয়াজ সবসময় বায়ুরোধী কাচ বা প্লাস্টিকের কন্টেইনারে রেখে ফ্রিজে রাখা উচিত। চাইলে প্লাস্টিক র্যাপ দিয়ে ভালোভাবে মুড়ে রাখতে পারেন। এতে পেঁয়াজের গন্ধও ছড়াবে না এবং ৪–৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
সবুজ শাক যেমন পালং, লাল শাক বা ধনেপাতা ফ্রিজে রাখার আগে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। ভেজা শাক প্লাস্টিক ব্যাগে রাখলে দ্রুত পচে যায়। শুকনো শাক টিস্যু বা পাতলা কাপড়ে মুড়ে রাখলে আর্দ্রতা কমে এবং দীর্ঘ সময় সতেজ থাকে। ধনেপাতা বা পুদিনা পাতার গোড়া সামান্য পানিতে ডুবিয়ে বোতলে রেখে ফ্রিজে রাখলেও তা টিকে যায় কয়েকদিন।
টমেটো, ক্যাপসিকাম বা গাজরের মতো সবজি ফ্রিজে সংরক্ষণ করলে কেটে রাখার চেয়ে অক্ষত অবস্থায় রাখা ভালো। তবে যদি কাটা থাকে, তাহলে অবশ্যই এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করতে হবে। গাজর বা শসার টুকরো পানিভরা পাত্রে রেখে দিলে কয়েকদিন কচকচে থাকে।
আলু বা কুমড়ার মতো সবজি কাটার পর ফ্রিজে রাখার আগে প্লাস্টিক র্যাপে ভালোভাবে মুড়ে রাখা দরকার। এতে ভেতরে বাতাস কম ঢোকে এবং সবজি কালচে হয় না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাটা সবজি যতটা সম্ভব দ্রুত ব্যবহার করা। যতই যত্ন নেওয়া হোক, কাটা অবস্থায় রাখলে ধীরে ধীরে ভিটামিন ও সতেজ ভাব হারায়। তাই বাজার করার পর অল্প অল্প করে কেটে ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর।
সচেতনভাবে সংরক্ষণ করলে কাটা পেঁয়াজ ও সবজি যেমন দীর্ঘদিন ভালো থাকবে, তেমনি রান্নার সময়ও বাঁচবে আর খাবারের স্বাদও অটুট থাকবে।