ভুল মাপের জুতা পরে হাঁটছেন? অজান্তেই ক্ষতি করছেন শরীরের

জুতা বা স্যান্ডেল শুধু ফ্যাশনের অংশ নয়, বরং দৈনন্দিন স্বাস্থ্য রক্ষার অন্যতম সঙ্গী। কিন্তু অনেকেই আরাম বা স্বাস্থ্যকর দিকটি বাদ দিয়ে শুধু বাহ্যিক সৌন্দর্যের দিকে নজর দেন। ফলে ভুল মাপের জুতা পরেন— যা দেখতে হয়তো ভালো, কিন্তু শরীরের নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত অনুপযুক্ত জুতা ব্যবহার করলে যে ক্ষতিগুলো হতে পারে, তা জেনে রাখা জরুরি।

পায়ের ব্যথা ও ফোসকা

ছোট মাপের জুতা পায়ে চাপ সৃষ্টি করে। এতে আঙুলগুলো ঘেঁষে গিয়ে কেটে যাওয়া, ঘষা লেগে ফোসকা হওয়া বা তীব্র ব্যথা দেখা দেয়। অন্যদিকে বড় মাপের জুতা পরে হাঁটলে পা স্লিপ করে গিয়ে চামড়া উঠে যেতে পারে।

আঙুল বিকৃতি ও নখের সমস্যা

অতিরিক্ত টাইট জুতা নিয়মিত পরলে আঙুলের স্বাভাবিক গঠন নষ্ট হয়। অনেকের ক্ষেত্রে আঙুল বাঁকিয়ে ‘হ্যামার টো’ তৈরি হয়। আবার চাপে পড়ে নখ ভেতরের দিকে ঢুকে যেতে পারে, যা সংক্রমণ পর্যন্ত ডেকে আনে।

হাড় ও জয়েন্টের ক্ষতি

পায়ের মাপের সঙ্গে না মেলা জুতা হাঁটার ভঙ্গি বদলে দেয়। এতে হাঁটু, গোড়ালি ও নিতম্বের ওপর বাড়তি চাপ পড়ে। দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলে হাড় ও জয়েন্টে ব্যথা বা আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ে।

মেরুদণ্ডের সমস্যা

ভুল সাইজের বা অস্বস্তিকর হিল জুতা ব্যবহার করলে মেরুদণ্ডের ওপরও প্রভাব পড়ে। শরীরের ভরসাম্য নষ্ট হয়ে কোমর ও পিঠে ব্যথা দেখা দেয়। বিশেষ করে নারীদের মধ্যে দীর্ঘদিন হাই হিল ব্যবহারে কোমর ব্যথার প্রবণতা বেশি দেখা যায়।

রক্ত সঞ্চালনে বাধা

খুব টাইট জুতা রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়। এতে পা ফুলে যায়, ঝিনঝিন করে এবং অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি স্নায়বিক সমস্যারও জন্ম দিতে পারে।

হাঁটার স্বাভাবিক ভঙ্গি নষ্ট

অতিরিক্ত ঢিলা বা ভারী জুতা পরে হাঁটলে স্বাভাবিক ভঙ্গি নষ্ট হয়। এতে হাঁটার সময় পা ও শরীরের ওপর বাড়তি চাপ পড়ে, যা ধীরে ধীরে পেশী দুর্বল করে দেয়।

কী করবেন?

সবসময় নিজের পায়ের সঠিক মাপ জেনে জুতা কিনুন।

বিকেলে জুতা ট্রায়াল দেওয়া ভালো, কারণ সারাদিনে পা একটু ফুলে যায়।

দীর্ঘ সময় হাই হিল না পরে আরামদায়ক স্যান্ডেল ব্যবহার করুন।

নিয়মিত পুরনো জুতার তলা পরীক্ষা করুন— ক্ষয়ে গেলে নতুন জুতা ব্যবহার করুন।

সুন্দর ও আকর্ষণীয় জুতা পরা যেমন প্রয়োজন, তেমনি আরামদায়ক ও সঠিক মাপের জুতা বেছে নেওয়াও জরুরি। ভুল মাপের জুতা সাময়িক ফ্যাশনের আনন্দ দিলেও এর দীর্ঘমেয়াদি ক্ষতি আপনার অজান্তেই শরীরকে ক্লান্ত ও অসুস্থ করে তুলতে পারে। তাই জুতা বেছে নেওয়ার সময় স্বাস্থ্যকে প্রাধান্য দিন— স্টাইলের সঙ্গে আরামই হোক আপনার প্রথম শর্ত।ক্ষতি করছেন শরীরের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *