আমাদের সমাজে এক ধরনের প্রবণতা চোখে পড়ে— যে কোনো কিছু দ্রুত পাওয়ার তাড়না। ভালো চাকরি, ব্যবসায় সফলতা কিংবা সামাজিক মর্যাদা— সবকিছুতেই অনেকেই শর্টকাট খুঁজে নেন। কেউ হয়তো সুযোগের অপব্যবহার করেন, কেউ মিথ্যার আশ্রয় নেন, আবার কেউ অবৈধ সুবিধার পথ বেছে নেন। প্রথম দিকে এগুলো সহজ সমাধান বলে মনে হলেও দীর্ঘ মেয়াদে তা পরিণত হয় বিপর্যয়ে। কারণ শর্টকাটে পাওয়া সাফল্য হয় অস্থায়ী, আর সততার ফলাফল হয় স্থায়ী ও টেকসই।
সততা মানে শুধু সত্য বলা নয়, বরং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা, নৈতিকতার সঙ্গে চলা এবং অন্যের প্রতি সুবিচার করা। এ পথে চলতে গিয়ে হয়তো শুরুতে অনেক বাধা আসে। অসততার পথ বেছে নেওয়া মানুষকে দ্রুত এগিয়ে যেতে দেখা যায়, যা অনেক সময় হতাশার জন্ম দেয়। কিন্তু ইতিহাস বলছে, দীর্ঘ মেয়াদে সততার ওপর দাঁড়ানো মানুষই প্রকৃত সম্মান ও স্থিতিশীলতা অর্জন করেন।
ব্যবসার উদাহরণ ধরুন। অনেকে স্বল্প সময়ে লাভ বাড়াতে ভেজাল বা প্রতারণার আশ্রয় নেন। প্রথম দিকে হয়তো তারা লাভবান হন, কিন্তু একসময় বিশ্বাস হারালে ব্যবসা ভেঙে পড়ে। অপরদিকে যে ব্যবসায়ী ধৈর্য ধরে মান বজায় রাখেন, সৎভাবে গ্রাহকের আস্থা অর্জন করেন, তার অবস্থান হয় দীর্ঘস্থায়ী। একই কথা প্রযোজ্য কর্মক্ষেত্রেও। শর্টকাটে উন্নতি পাওয়া যায়তো, কিন্তু দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ছাড়া সেই অবস্থান ধরে রাখা যায় না।
মনোবিজ্ঞানীরাও বলেন, সততা শুধু সামাজিক মূল্যবোধ নয়, এটি মানসিক শান্তিরও উৎস। অসততার আশ্রয় নিলে মানুষকে সবসময় ভয়ে থাকতে হয়— ধরা পড়লে কী হবে, অন্যরা জানলে কী বলবে। অথচ সৎ মানুষ নিশ্চিন্তে মাথা উঁচু করে বাঁচতে পারেন, কারণ তার কাছে লুকোনোর কিছু থাকে না।
সমাজে শর্টকাট যত বেশি ছড়িয়ে পড়ে, অন্যায়ের সংস্কৃতি তত গভীর হয়। ফলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সবাই। বিপরীতে যদি প্রত্যেকে সততার অনুশীলন করেন, তবে সেই প্রভাব ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, কর্মক্ষেত্র, এমনকি জাতীয় পর্যায়েও ইতিবাচক পরিবর্তন আনে।
শর্টকাট সবসময় সহজ মনে হয়, কিন্তু তা আসলে কাঁটায় ভরা রাস্তা। সততা অনেক সময় কষ্টসাধ্য হলেও সেটিই নিরাপদ ও স্থায়ী পথ। জীবনে টিকে থাকতে এবং সত্যিকারের সাফল্য অর্জন করতে হলে সততাই হতে হবে মূল ভিত্তি। শেষ পর্যন্ত মানুষ নয়, তার সততাই হয়ে ওঠে প্রকৃত পরিচয়।